
প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগে গত পাঁচ বছরে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় পরিবর্তনের পথে এগিয়েছে আফগানিস্তানের হেরাত প্রদেশ। প্রদেশটির উৎপাদন, সেবা, শিল্প ও অবকাঠামো খাতে দেশি-বিদেশি বিনিয়োগের পাশাপাশি একাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ সম্পন্ন হলে হেরাতে বাণিজ্য ও শিল্পের বিস্তার, হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং প্রদেশটির অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
হেরাতের প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র মুফতি ইউসুফ সাঈদী হাফিযাহুল্লাহ বলেন, গত পাঁচ বছরে স্থানীয় কর্তৃপক্ষ বড় পরিসরের দেশি ও বিদেশি বিনিয়োগের পথ সুগম করেছে। এসব বিনিয়োগ হেরাতের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মুফতি ইউসুফ সাঈদী হাফিযাহুল্লাহ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে হেরাতে অর্থনৈতিক ও অবকাঠামোগত বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে কিছু প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আবার বেশ কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন এখনো চলমান রয়েছে।
তিনি হেরাত সিমেন্ট প্রকল্প, সৌর ও বায়ুশক্তিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, নগরীর মহাপরিকল্পনা এবং তাপি প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এসব প্রকল্প সম্পন্ন হলে হেরাতের বাণিজ্য ও শিল্প খাত আরও শক্তিশালী হবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে হেরাতের অবস্থান আরও সুদৃঢ় হবে।
তথ্যসূত্র
1. Nearly $2 Billion Invested in Herat’s Economic, Infrastructure Sectors
– https://tinyurl.com/y9tvvbst


