
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে বেইতা শহরে কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালিয়েছে এবং ভেড়া চুরি করে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। স্থানীয় সূত্র ও মানবাধিকার সংগঠনের বরাতে আনাদোলু এ তথ্য জানিয়েছে।
মানবাধিকারবিষয়ক সংগঠন আল-বায়দার অর্গানাইজেশন ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটস জানিয়েছে, বসতিস্থাপনকারীরা ওই ফিলিস্তিনি ব্যক্তি ও তার সন্তানদের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে।
এর আগে শুক্রবার স্থানীয় সূত্র আনাদোলুকে জানায়, বেইতার আল-ধাহরা ও সাহল আল-হারা আল-তাহতাসহ কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালায় ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। পরে তারা বেশ কয়েকটি ভেড়া চুরি করে নিয়ে যায়। ফিলিস্তিনিরা এ চুরির ঘটনার ভিডিও ধারণ করেন। আনাদুলু ভিডিওগুলো যাচাই করেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় সন্ত্রাসী বসতিস্থাপনকারীদের এ ধরনের হামলা ও লুটপাটের ঘটনা পশ্চিম তীরে ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনিদের ওপর হামলা, তাদের বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং গবাদিপশু চুরির মতো ঘটনা এখন নিয়মিত ঘটছে।
ফিলিস্তিনি সরকারি তথ্য অনুযায়ী, শুধু আগস্ট মাসেই পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা ৬২৮টি হামলা চালিয়েছে। এর মধ্যে রামাল্লা ও আল-বিরেহতে ১৫৭টি, নাবলুসে ১৩৭টি, হেবরনে ১২০টি, বেথলেহেমে ৭৩টি, তুবাসে ৪০টি, জেনিনে ৩৬টি এবং জেরুজালেমে ৩১টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদকরাও পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের সহিংসতা দ্রুত বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে। তাদের মতে, অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি রাষ্ট্রের সমর্থন ও সুরক্ষায় পরিচালিত এ ধরনের সহিংসতা ফিলিস্তিনি জনপদগুলোর অস্তিত্বের জন্যই গুরুতর হুমকি তৈরি করছে।
অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারী ১৯৪টি অবৈধ বসতি ও ৪০০টি বসতি-চৌকিতে বসবাস করছে। এসব দখলদার বসতিস্থাপনকারী প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের পরিস্থিতি তৈরি করছে।
তথ্যসূত্র
1. Israeli occupiers attack Palestinian homes, injure family, steal sheep in Nablus
– https://tinyurl.com/5av46n9m


