ঢাকার বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি

0
2

রাজধানী ঢাকার বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই যুবককে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত যুবকের নাম মোহাম্মদ রানা (৩৫)। তিনি নোয়াখালীর মাইজদী শহরের মৃত আব্দুর রবের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর নতুন বাজারের কাজীবাড়ি এলাকায় থাকেন এবং পেশা গাড়িচালক।

রানা গণমাধ্যমকে জানান, তিনি শনিবার বাড্ডায় তার এক ভাই জয়ের বাসায় দাওয়াত খেয়ে সেখানেই ঘুমিয়ে ছিলেন। রাত ১০টার দিকে বাসার ভেতরের দরজায় ধাক্কা দেওয়া হয়। তখন কক্ষ থেকে জিজ্ঞাসা করা হলেও বাইরে থেকে কোনো সাড়াশব্দ আসেনি। এরপর জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মূল দরজার কাছে যান। এসময় হঠাৎ ভেতরের দরজা দিয়ে ওই এলাকার ‘সন্ত্রাসী’ তামিম ও আরও দুজন প্রবেশ করে। তারা রানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তার ডান হাঁটুর ওপর গুলি করে দ্রুত পালিয়ে যান।

রানা বলেন, ‘আমার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠানে তামিম নিয়মিত চাঁদা চাইতো। আমি ভাইকে বলে দিই, তামিমকে আর কোনো চাঁদা দিতে হবে না। এতে ক্ষিপ্ত হয়ে সে এই গুলির ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা। এই তামিমের নামে বাড্ডায় খুনের মামলাও আছে।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানায়, ‘বাড্ডার একটি বাসায় রানা নামের এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে এখানে আসে। তার ডান পায়ের হাঁটুর ওপর গুলি লেগেছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তাকে স্বজনরা বাসায় নিয়ে যান। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’


তথ্যসূত্র:
১। বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি
– https://tinyurl.com/bdb9e6ca

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানীর আদাবরে খালে ভেসে আসা স্কুলব্যাগ থেকে কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার, এখনো পরিচয় জানা যায়নি
পরবর্তী নিবন্ধসম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, সংশোধন করতে হবে: হেফাজত ইসলাম