পাবনার ঈশ্বরদীতে চাঁদাবাজি ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেলা বিএনপির দুপক্ষের মধ্যে গোলাগুলি

0
0

পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী একই রাজনৈতিক বলয়ের দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। স্থানীয় বিএনপি নেতা শাহানুজ্জামান সেনার বাড়িতে অতর্কিত হামলা, গুলিবর্ষণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যম সূত্র জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চররূপপুর ফটু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

শাহানুজ্জামান সেনা ওই এলাকার মৃত আবুল খায়ের প্রামাণিকের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে, হামলায় অভিযুক্ত ‘আমেরিকান সুমন’ ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়ভাবে দুজনকেই জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত।

শাহানুজ্জামান সেনার অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বাঘার বিভিন্ন মহাল থেকে নৌকায় বালু এনে নলগাড়ি সড়কের মাথায় মজুত করে ব্যবসা করছেন। ব্যবসার জায়গা ইজারা নেওয়া থাকলেও একটি প্রভাবশালী চক্র তার ব্যবসায় বাধা দিয়ে আসছিল। সম্প্রতি আমেরিকান সুমন ও তার সহযোগী ‘নবী’ ব্যবসা চালিয়ে যেতে তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার বাড়িতে হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে বাড়িতে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আলমারিতে থাকা নগদ ৬ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তার বৃদ্ধ মা ও এক আত্মীয়কেও অস্ত্রের মুখে ভয় দেখানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ২৫ রাউন্ড বা তারও বেশি ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২৪টি গুলির খালি খোসা এবং ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল উদ্ধার করে।

তবে শাহানুজ্জামান সেনার অভিযোগ অস্বীকার করেছে আমেরিকান সুমন। সে জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তার দাবি, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত করা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। এতে বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে, যা তাদের অভ্যন্তরীণ ও গোষ্ঠীগত বিরোধ। এর সঙ্গে তার বা তার অনুসারীদের কোনো সম্পৃক্ততা নেই।

তবে, এখন পর্যন্ত গোলাগুলির ঘটনায় কাউকেই আটক করেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। ঈশ্বরদীতে জেলা বিএনপির আহ্বায়কের অনুসারী দুপক্ষের গোলাগুলি
– https://tinyurl.com/mr3hrrzb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল