
পাবনায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি মোস্তফা প্রামাণিকের দ্বিতল বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রসঙ্গত গত ৯ সেপ্টেম্বর ৪র্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি নিখোঁজ হয়। এর ৭ দিন পর ১৬ সেপ্টেম্বর মোস্তফা প্রামাণিকের বাড়ির পাশের একটি ডোবা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মুদিদোকানি মোস্তফা প্রামাণিক (৫৫) এবং তার ভাড়াটিয়া ইয়াছিন আলীকে (২১) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, মুদি দোকানের পেছনে ধর্ষণের পর শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে শ্বাসরোধে হত্যা করে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনা আড়াল করতে মোস্তফা ও ইয়াছিন শিশুটিকে খুঁজতে বের হওয়ার নাটকও করে। পরে মোস্তফা লাশটি নিয়ে বাড়ির খাটের নিচে রেখে দেয়। এরপর লাশটি খণ্ড করে বস্তায় ভরে দুটি ইট বেঁধে বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। পরে অবস্থা বেগতিক দেখে ডোবা থেকে তারা লাশটি তুলে সেপটিক ট্যাংকে ফেলারও চেষ্টা করে। তবে দুর্গন্ধে কুকুরের দল এগিয়ে আসায় তারা ব্যর্থ হয়। এরপর লাশটি ডোবাতেই পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তে শিশুটিকে ধর্ষণ ও হত্যার আলামত পাওয়া গেছে।
এ নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার জুমার নামাজের পর প্রায় ২ ঘণ্টা ধরে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে তারা এ ভাঙচুর চালান।
জানা যায়, জুমার নামাজ শেষে বেলা ৩টার দিকে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ এসে মোস্তফার বাড়ির সামনে জড়ো হন। এ সময় অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে অন্যদেরও হাতুড়ি ও শাবল নিয়ে আসার আহ্বান জানান। পরে বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে দিতে হাতুড়ি ও শাবল দিয়ে বাড়ির মূল গেট ও সীমানাপ্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। ক্ষুব্ধ জনতা ঘরের ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে দেয়। এ সময় শত শত নারীও ধর্ষকদের বিরুদ্ধে কঠোর স্লোগান দেন এবং ফাঁসির দাবি জানান। বিক্ষুব্ধ জনতার স্পষ্ট বক্তব্য ছিল, প্রশাসন যদি এ হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, তবে যেন অপরাধীদের তাদের হাতে ছেড়ে দেওয়া হয়।
তথ্যসূত্র:
১। পাবনায় ধর্ষকের দ্বিতল বাড়ি গুঁড়িয়ে দিল জনতা
– https://tinyurl.com/5yr8pj4c


