
ফিলিস্তিনের গাজায় গণহত্যা করেই ইহুদিবাদী সন্ত্রাসী ইসরায়েলিরা ক্ষ্যান্ত হয় নি। বিশ্বের বিভিন্ন দেশের সতর্কতা সত্ত্বেও সন্ত্রাসী ইসরায়েলের বিভিন্ন মন্ত্রী ও নীতিনির্ধারকেরা ইসরায়েলি বাহিনীর পাশাপাশি অবৈধ ইসরায়েলি সেটেলারদেরও অধিকৃত পশ্চিম তীরে লেলিয়ে দিচ্ছে।
ফলে, চলতি বছরের শুরু থেকে ২ অক্টোবর পর্যন্ত ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় ৩০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
ফিলিস্তিনের উপনিবেশ স্থাপন ও দেয়াল প্রতিরোধ কমিশনের হিসাবে, শুধু ২০২৬ সালেই শহীদের সংখ্যা ৩০-এ পৌঁছেছে। ২০২৫ সালের পুরো বছরের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।
এমনকি, ২০২২ সালের পর যে কোনো বছরের পুরো সময়ের তুলনায় এটিই সবচেয়ে বেশি। চলতি বছর শেষ হতে এখনো প্রায় তিন মাস বাকি থাকতেই এ সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ১১৪ শতাংশ বেশি হয়েছে।
শহীদ ফিলিস্তিনিদের বেশির ভাগই রামাল্লা ও আল বিরেহ এবং নাবলুস এলাকায়। কমিশনের তথ্য অনুযায়ী, রামাল্লা ও আল বিরেহতে ১৫ জন এবং নাবলুসে সাতজন শহীদ হয়েছেন। অর্থাৎ, এ দুই এলাকায়ই মোট শহীদের প্রায় ৭৩ শতাংশের মৃত্যু হয়েছে। এছাড়া, হেবরনে তিনজন, জেরুজালেম ও সালফিতে দুজন করে এবং কালকিলিয়ায় একজন শহীদ হয়েছেন।
কমিশন জানিয়েছে, শুধু সেপ্টেম্বর মাসেই পশ্চিম তীরে ফিলিস্তিনি, তাদের জমি ও সম্পত্তি লক্ষ্য করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা ২ হাজার ৫১টি হামলা চালিয়েছে। এর মধ্যে বসতি স্থাপনকারীরা চালিয়েছে ৬৪৭টি হামলা। এসব হামলায় ওই মাসে তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬১টিতে। শুধু সেপ্টেম্বরের এসব হামলাতেই ১৪ হাজার ৬০০টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৯ হাজার ৩৩৪টি ছিল জলপাইগাছ।
এদিকে, গত সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনিদের ২৫৪টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ। এর মধ্যে ৮৯টি ছিল বসতবাড়ি। এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩২০ ফিলিস্তিনি।
একই মাসে পশ্চিম তীরে ২১টি নতুন অবৈধ বসতি স্থাপনের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। এছাড়া, ৩ হাজার ৮২১টি অবৈধ বসতি ইউনিট নির্মাণের ১৬টি পরিকল্পনা এগিয়ে নেওয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনিদের প্রায় ৬ হাজার ৬৩৫ ডুনাম জমি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন।
ফিলিস্তিনের সরকারি হিসাব অনুযায়ী, অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী রয়েছে। তারা ১৯৪টি অবৈধ বসতি ও ৪০০টি আউটপোস্টে বসবাস করছে বলে কমিশনের হিসাবে উল্লেখ করা হয়েছে।
গত জুনে জাতিসংঘের ১৪ জন বিশেষ প্রতিবেদক সতর্ক করে বলেছিলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের সহিংসতা দ্রুত বাড়ছে। সন্ত্রাসী ইসরায়েলের মন্ত্রী ও নীতিনির্ধারকদের প্রত্যক্ষ মদদে এ সহিংসতা ফিলিস্তিনি সম্প্রদায়গুলোর অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে।
তথ্যসূত্র
1. 30 Palestinians killed in Israeli occupier attacks in West Bank since start of 2026
– https://tinyurl.com/45zhercb

