
ভারতে উত্তরপ্রদেশের বৃন্দাবনের সনাতন ধর্ম প্রচারক ইন্দ্রদেব মহারাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রের এক নারী ভক্ত অভিযোগ জানায়, ২০২৩ সালে বৃন্দাবনের সেবাধাম আশ্রমে তাকে যৌন নিপীড়ন করেছে ইন্দ্রদেব। পরে অশ্লীল ভিডিও কল ও হুমকি দিয়ে তাকে হয়রানি করা হয় বলেও অভিযোগ করে ওই নারী।
অভিযোগে ওই নারী আরও বলে, ইন্দ্রদেব তাকে বলেছিল, ‘আমি ভগবান, তোমাকে আমার কথা মানতে হবে।’
এ ঘটনায় মহারাষ্ট্রের একটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে ইন্দ্রদেব মহারাজ এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।
বৃন্দাবনের আশ্রমে যৌন নিপীড়নের অভিযোগ
ভুক্তভোগী নারীর অভিযোগ, ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্দ্রদেবের ধর্মীয় আলোচনা দেখে তার সঙ্গে পরিচয় হয়। পরে সেই নারী মুম্বাইয়ের সান্তাক্রুজে আয়োজিত একটি সৎসঙ্গে অংশ নেয়। সেখানে ইন্দ্রদেবের কাছ থেকে সে ধর্মীয় দীক্ষা নেয়।
ওই নারী অভিযোগে আরও জানায়, নিজের ও পরিবারের বিভিন্ন সমস্যার কথা ইন্দ্রদেবকে জানালে, এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ইন্দ্রদেব তার বিশ্বাস অর্জন করে। পরে সে নারী বৃন্দাবনে ইন্দ্রদেবের সেবাধাম আশ্রমেও যায়।
নিপীড়নের ঘটনা প্রসঙ্গে ওই নারী আরও জানায়, ২০২৩ সালে আশ্রমে অবস্থানের সময় এক রাতে ইন্দ্রদেব তাকে নিজের কক্ষে ডাকে। পরে দরজা বন্ধ করে তার ওপর জোরপূর্বক যৌন নির্যাতন চালায়।
পরে ভিডিও কলে তাকে পোশাক খুলতে বাধ্য করা হয়। এ সময় অশ্লীল কর্মকাণ্ড করে সেগুলো রেকর্ড করে রাখে। পরে এসব ভিডিও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে যৌন হয়রানি অব্যাহত রাখা হয় বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী নারী।
অধিকারকর্মী তৃপ্তি দেশাইয়ের হস্তক্ষেপে মামলা
অভিযোগকারী নারী জানায়, কয়েক মাস ধরে সে মথুরার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে আসছিল। তবে প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।
ভূমাতা ব্রিগেডের প্রধান ও নারী অবধিকারকর্মী তৃপ্তি দেশাইয়ের হস্তক্ষেপে জিরো এফআইআর করা হয়। পুনেতে এক সংবাদ সম্মেলনে ওই নারী নিজের অভিযোগ তুলে ধরে। এ সময় আরও কয়েকজন নারী ধর্ম প্রচারকের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগ করে। তবে এখন পর্যন্ত মাত্র একটি এফআইআর করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3bhepbm6


