আফগানিস্তানের বাগলানে ৬ কোটি ৯৪ লাখ টন কয়লা উত্তোলনের উদ্যোগ, বিদ্যুৎ উৎপাদন ও ৩ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা

0
29

আফগানিস্তানের নিজস্ব প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন এবং অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়ার প্রশাসন। এর অংশ হিসেবে বাগলান প্রদেশের পুলে খুমরি এলাকায় পাঁচটি কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য ৩০ বছর মেয়াদি চুক্তি করা হয়েছে। এসব খনিতে আনুমানিক ৬ কোটি ৯৪ লাখ টন কয়লা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আয় বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বখতার নিউজের ৭ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১১১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত পাঁচটি কয়লাখনি এই চুক্তির আওতায় রয়েছে। আজিজি এনার্জি গ্রুপের সঙ্গে এসব খনি থেকে কয়লা অনুসন্ধান ও উত্তোলনের চুক্তি করা হয়েছে। প্রকল্পটি থেকে বছরে প্রায় ৬ কোটি মার্কিন ডলার রাজস্ব আয় এবং প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

এই প্রকল্পের অন্যতম লক্ষ্য কয়লাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এতে দেশের বিদ্যুতের চাহিদা পূরণে নিজস্ব সম্পদের ব্যবহার বাড়বে এবং বিদেশ থেকে বিদ্যুৎ কেনার উপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ দেশের উন্নয়নে এ ধরনের বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান। রাষ্ট্রীয় কোম্পানিসমূহের সাধারণ অধিদপ্তরের প্রধান মৌলভী আহমদ জান বিলাল হাফিযাহুল্লাহ বলেন, দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং বিদেশে বৈদেশিক মুদ্রা ব্যয় কমানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি পরিবেশের ক্ষতি কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ যুদ্ধ ও বিদেশি দখলদারিত্বের পর ইমারাতে ইসলামিয়া প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশীয় খনিজ, কয়লা, গ্যাস ও পানি—আল্লাহ প্রদত্ত এসব নিয়ামত কাজে লাগিয়ে দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার পরিকল্পনা নিয়ে কাজ করে চলছে। পুলে-খুমরির এই কয়লা প্রকল্প সেই কৌশলগত পরিকল্পনারই অবিচ্ছেদ্য অংশ।

বাগলানের এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে আফগানিস্তানের নিজস্ব জ্বালানি উৎপাদন বাড়বে, নতুন শিল্পকারখানা গড়ে ওঠার সুযোগ তৈরি হবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে। একই সঙ্গে কয়লাসম্পদের যথাযথ ব্যবহার দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং জ্বালানি স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1. ستخراج زغال‌سنگ از پنج معدن در پلخمری با ذخایر ۶۹.۴ میلیون تُن
– https://tinyurl.com/2swenu42

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিজেকে ‘ভগবান’ দাবিকারী উত্তরপ্রদেশের বৃন্দাবন সেবাধামের হিন্দুধর্ম প্রচারক ইন্দ্রদেব মহারাজের বিরুদ্ধে নারী ভক্তকে যৌন নিপীড়নের অভিযোগ
পরবর্তী নিবন্ধমহারাষ্ট্রে এসআইআর প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ৩০ লক্ষাধিক মুসলিম ভোটারের নাম, সবচেয়ে বেশি বাদ দেয়া হয়েছে ‘শেখ’ পদবিধারীদের