রাশিয়ার ৭০ এর বেশি ব্যবসায়ী প্রতিনিধির কাবুল সফর, স্বাক্ষরিত হলো ১০ কোটি ৩০ লাখ ডলারের ১৫ সমঝোতা স্মারক

0
2

বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুকের নেতৃত্বে ৭০ জনের বেশি ব্যবসায়ীসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাবুল সফর করেছে। সফরকালে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে ১০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার মূল্যের ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

১২ নভেম্বর, বৃহস্পতিবার কাবুলে পৌঁছায় রুশ প্রতিনিধিদলের সদস্যরা। সফরকালে তারা ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী মৌলভী মোহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ এবং অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে খনিজ সম্পদ, জ্বালানি, শিল্প, কৃষি, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো খাতে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

একই দিন মোল্লা আবদুল গনি বারাদার হাফিযাহুল্লাহ’র উপস্থিতিতে দুই দেশের বেসরকারি খাতের প্রতিনিধিরা ১৫টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসব চুক্তির আওতায় রাশিয়া থেকে ওষুধ, গম, আটা ও ভোজ্যতেল আমদানির পাশাপাশি আফগানিস্তান থেকে তাজা ফলমূল, বিশেষ করে ডালিম রপ্তানির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকে আফগান পণ্যের জন্য রাশিয়ার বাজারে প্রবেশ সহজ করা, পরিবহন ও শুল্ক ব্যয় কমানো এবং আফগানিস্তানের বিভিন্ন খাতে রুশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়। রাশিয়ার উপপ্রধানমন্ত্রীও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৩৪ কোটি ৯০ লাখ ডলার ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এসব সমঝোতা স্মারক ও বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়িত হলে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষিপণ্য রপ্তানি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহারে নতুন সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশটির অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের প্রচেষ্টা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :

1. Russian delegation visits Afghanistan to discuss trade and investment with the Taliban
– https://tinyurl.com/mw8fnb8x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে আশ্রয় নেয়া পরিবারগুলোর দুর্ভোগে যোগ হয়েছে শীত ও প্রতিকূল আবহাওয়া; শীতের তীব্রতায় তাঁবুতেই প্রাণ গেল ৯ মাসের শিশুর