
ভারতে হরিয়ানা রাজ্যের নুহ জেলায় গরু পাচারের সন্দেহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মুসলিম যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। রোববার (১৫ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের নাম সাবির ও গাব্বার। আহত ব্যক্তির নাম তাহির।
নিহত সাবির ও গাব্বার ওরফে হাদিয়া এবং আহত তাহিরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নালহার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবির ও গাব্বারের মৃত্যু হয়। আহত তাহির বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাও আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ফিরোজপুর ঝিরকা এলাকার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (সিআইএ) একটি দল গরু পাচারের সন্দেহে একটি গাড়ি আটকের জন্য অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা সড়কে ব্যারিকেড স্থাপন করেন।
পুলিশের দাবি, গাড়িতে থাকা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এর পর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গাড়িতে থাকা তিনজনই গুলিবিদ্ধ হন।
পুলিশ আরও দাবি করেছে, সন্দেহভাজনদের ব্যবহৃত পিকআপ গাড়িতে সাতটি গরু ছিল। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি .৩১৫ বোরের পিস্তল, তিনটি তাজা গুলি এবং পাঁচটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তবে পুলিশের দাবি আদৌ সত্যকিনা তা নিয়ে সমালোচকদের মধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের একাংশের মতে, ঘটনাটি হিন্দুত্ববাদী বিজেপি সরকারের শাসনামলে ভারতে গরুকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটের অংশ। হিন্দু ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে গড়ে তোলা এই মতাদর্শে গরু রক্ষার নামে মুসলিমদের বারবার লক্ষ্যবস্তু করা হয়েছে। বিভিন্ন সময়ে গরু পাচার বা গরুর মাংস বহনের অভিযোগে মুসলিমদের ওপর হামলা, হত্যা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। অনেককে কারাবন্দি হতে হয়েছে, অনেকে প্রাণও হারিয়েছেন।
পর্যবেক্ষকদের মতে, ঘটনাটি তাই শুধু একটি কথিত বন্দুকযুদ্ধের ঘটনা নয়; বরং গরু কেন্দ্রিক রাজনীতির প্রেক্ষাপটে মুসলিমদের নিরাপত্তা ও বিচার পাওয়ার অধিকার নিয়ে নতুন করে আলোচনার দাবি রাখে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/euabhtv8


