
মহাকাশ প্রযুক্তিতে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী সক্ষমতা ও শ্রেষ্ঠত্বের দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক প্রযুক্তি, বিপুল বিনিয়োগ এবং বৈজ্ঞানিক অগ্রগতির প্রদর্শনে দেশটির অবস্থান বরাবরই উচ্চকণ্ঠ। তবে সেই প্রযুক্তিগত সক্ষমতার বাস্তব পরীক্ষা যে সব সময় দাবির সঙ্গে সংগতিপূর্ণ হয় না, তারই আরেকটি দৃষ্টান্ত স্থাপন করল দেশটির সাম্প্রতিক মহাকাশ অভিযান। ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের মাত্র ১০ মিনিটের মাথায় ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে একটি মার্কিন রকেট। এতে অ্যামাজনের ৪০টি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) ধ্বংস হয়েছে।
১৫ নভেম্বর, রবিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে পরিচালিত ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেটটি উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে অ্যামাজনের লিও স্যাটেলাইট নেটওয়ার্কের ৪০টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর রকেটটিতে ত্রুটি দেখা দেয়। ফলে নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয় স্যাটেলাইটগুলো এবং পুরো অভিযানটি ভেস্তে যায়।
ইউএলএ জানিয়েছে, উৎক্ষেপণের পর পাওয়া ফ্লাইটের তথ্য বিশ্লেষণে রকেটটির অস্বাভাবিক পরিস্থিতি শনাক্ত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
তথ্যসূত্র :
1. Rocket from Boeing-Lockheed firm fails mid-flight, destroys payload of Amazon satellites
– https://tinyurl.com/3b5a6zk3


