
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় কথিত বন্দুকযুদ্ধের নামে আরও দুই কাশ্মীরি মুসলিম যুবককে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী। নিহত যুবকরা হলেন লতিফ ভাট ও উমর। ভারতীয় বাহিনীর দাবি, তারা সশস্ত্র প্রতিরোধযোদ্ধা ছিলেন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগের রাতে সামরিক অভিযানের সময় ভুক্তভোগীদের আটক করা হয়, পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের (কেএমএস) প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ নভেম্বর কুলগাম জেলার লারু এলাকায় একটি ঘেরাও ও তল্লাশি অভিযান পরিচালনা করে দখলদার ভারতীয় বাহিনী। এ সময় দুই মুসলিম যুবককে হত্যা করা হয়।
ভারতীয় বাহিনীর দাবি, নিহত লতিফ ভাট ও উমর গত বুধবার (১১ নভেম্বর) জেলার মিরবাজার এলাকায় আধাসামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন। ওই হামলায় তিনজন ভারতীয় নিরাপত্তা সদস্য আহত হয়েছিল।
তবে ভারতীয় বাহিনীর দেওয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় মুসলিম বাসিন্দারা। তাদের অভিযোগ, আগের রাতে সামরিক অভিযানের সময় ওই দুই যুবককে আটক করা হয়েছিল। পরে তাদের পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে বন্দুকযুদ্ধ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কাশ্মীরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ
ঘটনাটি জম্মু-কাশ্মীরে ঘেরাও-তল্লাশি অভিযান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে আবারও উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ভারতীয় বাহিনীর সামরিক অভিযান ও সাজানো বন্দুকযুদ্ধের ঘটনা কাশ্মীরিদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে রয়েছে। কাশ্মীরি জনগণ ও মানবাধিকার সংগঠনগুলো হেফাজতে মৃত্যু, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তের দাবি জানিয়ে আসছে।
কেএমএসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ৩৭ বছরে ভারতীয় বাহিনীর হাতে ৯৬ হাজার ৫১৬ জন কাশ্মীরি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭ হাজার ৪৩১ জন হেফাজতে থাকা অবস্থায় এবং ভুয়া বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/wnjjb2rv


