
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট! গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। তবে, ঘটনাটি ৪ দিন পর গত ১ অক্টোবর বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন গণমাধ্যমকে জানায়, ‘মহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার ভিত্তিতে হাইকোর্ট তাকে সোহাগ হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।’ তবে, এই জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি এ বিষয়ে লিভ টু আপিল করার কথা জানায়।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগকে তার দোকান থেকে ডেকে নিয়ে যায় যুবদল ও ছাত্রদলের স্থানীয় কিছু নেতাকর্মী। পরে তারা তাকে ব্যস্ত সড়কে প্রকাশ্যে মারধর, কুপিয়ে এবং পাথর দিয়ে থেঁতলে হত্যা করে।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক জনরোষ ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
তথ্যসূত্র:
১। মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনের ৬ মাসের জামিন
– https://tinyurl.com/ycvfz2dn


