
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঈদ পরবর্তী সময়ে নতুন আদেশের মাধ্যমে আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। তবে, এবার এর আওতার বাইরে থাকছে সিনেপ্লেক্স এবং সিনেমা হল।
দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, বিষয়টি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
মেসবাহ উদ্দিন আহমেদ জানায়, ‘সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে। ৭টার পরের শো গুলো যথারীতি চলতে থাকবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।’
অন্যদিকে, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানায়, ‘আমরা ঈদের আগেই তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে শপিং মল বন্ধের এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকে সিনেমা হল ও সিনেপ্লেক্স। মন্ত্রণালয় আমাদের ফিরতি চিঠিতে বিষয়টি অনুমোদন করেছে।’
তথ্যসূত্র:
১। ৭ টায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল
– https://tinyurl.com/bdpn56x5


