
বাজারে ইলিশ যেন এখন সোনার হরিণ। উচ্চমূল্যের কারণে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে রুপালি ইলিশ। এতে মধ্যবিত্ত মানুষের ইলিশ কেনা যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন- যেন দেশের মানুষের পাতে ইলিশ ওঠাই এখন দায়। এমন পরিস্থিতিতে দুর্গাপূজা উপলক্ষ্যে অর্ধেক দামে ভারতকে ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করছে সরকার।
এদিকে সরকারের এই সিদ্ধান্তের কারণে দেশের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, দেশের সাধারণ মানুষ উচ্চমূল্যের কারণে ইলিশ কিনতে পারছেন না। সেখানে ভারতের দাদাদের কম টাকায় ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করেছে সরকার। তারা অভিযোগ করছেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের মতোই এই সরকারও ভারতপ্রীতি দেখাচ্ছে। তাদের দাবি, কম টাকায় ভারতে নয়, দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সোমবার রাজধানীর একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাওয়া গেছে।
খুচরা বাজারের বিক্রেতারা জানান, খুচরা বাজারে এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ২৫০০-২৭০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি এক কেজি ওজনের বেশি সাইজের ইলিশ প্রতি কেজি ৩০০০ টাকা বা তারও উপরে বিক্রি হচ্ছে। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০০-১৭০০ টাকা।
এদিকে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর (সোমবার) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানিমূল্য সাড়ে ১২ ডলার অর্থাৎ প্রায় এক হাজার ৫২৫ টাকা নির্ধারণ করেছে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই আলোকে আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র ও মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানিমূল্য সাড়ে ১২ মার্কিন ডলার সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে যারা সরকারের আহ্বান ছাড়াই আবেদন করেছেন নির্ধারিত সময়ের মধ্যেই তাদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।
তথ্যসূত্র:
https://tinyurl.com/5avmv67u


