
গাড়ির ব্যাটারি তৈরিতে ধারাবাহিকভাবে স্বয়ংসম্পূর্ণতার পথে অগ্রসর হচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। ১৭ এপ্রিল এই প্রত্যাশা ব্যক্ত করেছেন আফগান চেম্বার অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনসের কর্মকর্তাগণ।
প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অব্যাহত সহায়তায় চলতি বছরের শেষ নাগাদ গাড়ির ব্যাটারি রপ্তানিকারক দেশ হয়ে উঠবে আফগানিস্তান।
অভ্যন্তরীণ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে দেশে উৎপাদিত ব্যাটারির মাধ্যমে পূরণ করা হচ্ছে, অদূর ভবিষ্যতে সম্পূর্ণ স্বনির্ভরতার ব্যাপারে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন।
উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের কিছু দেশে ব্যাটারি রপ্তানি আরম্ভ করেছে ব্যাটারি সংশ্লিষ্ট আফগান শিল্পপতিগণ। বিগত বছর আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে গাড়ির ব্যাটারি রপ্তানি করেছিল আফগানিস্তান। চলতি বছরেও শত শত কন্টেইনার ব্যাটারি রপ্তানির আশাবাদ ব্যক্ত করেছেন চেম্বার অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনসের সেক্রেটারিয়েট প্রধান আবদুল মতিন কালান্দারি।
কর্মকর্তাদের মতে, চলতি বছরের শেষের দিকে গাড়ির ব্যাটারি তৈরিকারী কারখানার সংখ্যা ২০টিতে পৌঁছবে। বর্তমান আফগানিস্তানে বার্ষিক প্রায় ৩৮ হাজার টন ব্যাটারি উৎপাদন হচ্ছে। এই উৎপাদন আরও বাড়ানোর সক্ষমতা তুলে ধরেছেন শিল্প প্রতিনিধিগণ।
ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুস সালাম জাওয়াদ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ বলেন, কারখানাগুলোতে বিভিন্ন সাইজের ব্যাটারি তৈরি করা হচ্ছে, যা দেশীয় বাজারের চাহিদা পূরণে ভূমিকা রাখছে।
অপরদিকে কারিগরি বিষয়ক উপমন্ত্রী আবদুল লতিফ নাজারি হাফিযাহুল্লাহ বলেন, অতীতে পাকিস্তান, ইরান, থাইল্যান্ড ও চীনের মতো দেশ থেকে গাড়ির ব্যাটারি আমদানি করতে হতো। তবে এখন আমদানি হ্রাস পেয়েছে, এই বছরের শেষ নাগাদ উক্ত খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে রয়েছে আফগানিস্তান।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5x9tmf7v


