
বরিশালের মুলাদীতে শিশুদের হাতের টানেই সড়কের পিচ উঠে যাচ্ছে, এ কারণে সড়ক সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে দৈনিক ইত্তেফাক জানায়, নিম্নমানের ইট, কম পরিমাণ বিটুমিন ও প্রয়োজনীয় প্রাইম কোট ছাড়া কাজ করার কারণে এমনটি হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় চার কোটি টাকা ব্যয়ে মুলাদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর পাইতিখোলা খেয়াঘাট থেকে সদর ইউনিয়নের কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মিটার সড়ক সংস্কারের জন্য দেওয়া হয়। কাজটি করছেন ঠিকাদার মো. রফিকুল ইসলাম।
কুতুবপুর বাজার এলাকার বাসিন্দা আব্দুল জলিল সিকদার জানায়, সড়ক সংস্কারের কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বুধবার (১৫ এপ্রিল) পিচ ঢালাইয়ের কাজ শুরু করে। কিন্তু কম বিটুমিন ব্যবহারের কারণে শিশুদের হাতের টানেই পিচ উঠে যাচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেয়।
এদিকে মুলাদী উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হকের দাবি, পাইতিখোলা থেকে কুতুবপুর সড়কের কাজ সন্তোষজনক হলেও কিছু লোক কাজের বাধা দেওয়ার চেষ্টা করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র:
১। শিশুদের হাতের টানেই উঠছে সড়কের পিচ, কাজ বন্ধ করে দিলো স্থানীয়রা
– https://tinyurl.com/mue7vbum


