নারায়ণগঞ্জে গভীর রাতে মাদরাসায় আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থী

0
2

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় গভীর রাতে জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় ৭৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ তলা মাদরাসা ভবনটির দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়। লাইব্রেরিতে প্রচুর বই ও নথিপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে নিশ্চিত কোন কারণ এখনও জানা যায়নি।

ঘটনাটি বর্ণনা করতে গিয়ে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মফিজুল ইসলাম গণমাধ্যমে জানান, রাত ২টার দিকে এক ছাত্র ঘুম থেকে উঠে পাশের লাইব্রেরিতে শব্দ শুনতে পায়। কেউ পড়াশোনা করছে ভেবে সে এগিয়ে গেলে ঘরের ভেতর আগুন জ্বলতে দেখে।

ঘটনার সময় মাদরাসার আবাসিক ভবনে প্রায় ১,৩০০ শিক্ষার্থী ঘুমিয়ে ছিল। মাদরাসায় একাধিক সিঁড়ি থাকায় অধিকাংশ শিক্ষার্থী দ্রুত নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হয়।

মাদরাসার প্রিন্সিপাল আরও জানান, এ ঘটনায় রাতে ৭ থেকে ৮ থেকে জন শিক্ষার্থী আহত হয়, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে ফজরের পর বেশ কিছু শিক্ষার্থীর শ্বাসকষ্ট হওয়ায় তাদেরকেও হাসপাতালে পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে ধোঁয়ায় অসুস্থ হয়ে আসা ৬৩ জনের মধ্যে আশঙ্কাজনক চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/3u4wwm9e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় মূর্তি নির্মাণ করতে যাচ্ছে কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধমজুরি বোর্ডে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিলো শ্রমিকপক্ষ