
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব জমা দেন শ্রমিক প্রতিনিধি। বৈঠক শেষে উপস্থিত ব্যক্তিরা এ তথ্য গণমাধ্যমকে জানান।
গণমাধ্যম সুত্রে জানা যায়, রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনা ও আলোচনার পর পরবর্তী করণীয় এবং মজুরি কাঠামো আরো উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হয়। তাদের সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন পোশাকশ্রমিকরা।
প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছে বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হল আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়। তবে শ্রমিক সংগঠনগুলো এবার সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে।
তথ্যসূত্র:
১। মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রস্তাব, সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা
– https://tinyurl.com/yaytkee5


