
ভারতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি মুসলিম পরিবার তাদের নবজাতক কন্যা সন্তানের জন্মনিবন্ধন করাতে নানাবিধ সমস্যায় পড়েছেন। বিতর্কিত এসআইআর তথা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় পিতার নাম তালিকায় বাদ পড়ায় এই জটিলতা তৈরি হয়েছে।
জেলার খাটামারি গ্রামের বাসিন্দা আবদুল হাবিব। তিনি জানান, ভোটার তালিকায় নাম না থাকায় তিনি আবাসিক সনদ পাচ্ছেন না। আর এই সনদ ছাড়া তার কন্যাশিশুর জন্মনিবন্ধনের আবেদন করা যাচ্ছে না।
হাবিবের স্ত্রী আমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। তবে জন্মের দুই মাসের বেশি সময় পার হলেও ১৩ নভেম্বর পর্যন্ত শিশুটির জন্মনিবন্ধন সনদ পায়নি পরিবারটি।
ভোটার তালিকায় নাম বাদ পড়ার দরুণ ভোগান্তিতে আবদুল হাবিব
হাবিব জানান, আবাসিক সনদের জন্য তিনি প্রথমে গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করেন। তবে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছে বলে কর্মকর্তারা সনদ দিতে রাজি হয়নি।
তিনি দাবি করেন, তার স্ত্রীর নাম ভোটার তালিকায় রয়েছে। পরিচয় ও পারিবারিক সম্পর্কের প্রমাণ হিসেবে তাদের কাছে বেশ কয়েকটি নথিও রয়েছে। এর মধ্যে রয়েছে তার নিজের জন্মসনদ, স্ত্রীর জন্মসনদ এবং ২০০২ সালের ভোটার তালিকায় তার পিতার নাম থাকার প্রমাণ।
হাবিব অভিযোগ করেন, “আমি বেশ কয়েকবার প্রশাসনের কাছে গিয়েছি। কিন্তু কোনো সমাধান পায়নি। এ কারণে আমাকে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে।”
তিনি প্রশ্ন করেন, ভোটার তালিকায় আমার নাম না থাকায় কেন মেয়ের জন্মনিবন্ধন করাতে সমস্যা হবে? তার পরিচয় প্রমাণের জন্য তো অন্যান্য নথিও রয়েছে।
এদিকে সরকারি নিয়মের বাইরে গিয়ে কোনো সনদ দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/49p2pz63


