
ভারতের উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজারকে রাজ্যটির একটি ‘ব্র্যান্ড’ হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বক্তব্যে সে বুলডোজার তৈরি করে দেশ-বিদেশে বিক্রির উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
তার দাবি, “বুলডোজার ইতোমধ্যে এই অঞ্চলের একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বুলডোজারের ব্যাপক চাহিদা রয়েছে।”
যমুনা এক্সপ্রেসওয়ে শিল্প উন্নয়ন কর্তৃপক্ষের (ইয়েইডা) এলাকায় একটি প্রতিষ্ঠানের ট্রাক্টর তৈরি-কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্যকালে সে এই মন্তব্য করেছে। এ সময় সে প্রতিষ্ঠানটিকে ট্রাক্টরের পাশাপাশি বুলডোজার তৈরি করতেও উৎসাহ দিয়েছে।
হিন্দুত্ববাদী যোগীর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও মানবাধিকার মহলে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। বিরোধী দল ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, উত্তর প্রদেশে মুসলিমসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী এবং সরকার বিরোধীদের টার্গেট করে বুলডোজার দিয়ে বাড়িঘর ও স্থাপনা ভাঙা হচ্ছে।
যোগী আদিত্যনাথ সরকারের নির্দেশে পরিচালিত এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। বিজেপির হিন্দুত্ববাদী সমর্থকদের একাংশ তাকে ‘বুলডোজার বাবা’ নামে অভিহিত করে।
সমালোচকদের মতে, অপরাধের অভিযোগের কারণে শাস্তি হিসেবে কারও বাড়িঘর ভেঙে দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই।। তবে অবৈধ স্থাপনা অপসারণের ক্ষেত্রে আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
২০২৪ সালের নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, অপরাধে অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি শাস্তি হিসেবে ভেঙে দেওয়া বেআইনি। এছাড়া অবৈধ স্থাপনা অপসারণের পূর্বে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী তার মন্তব্যে মুসলিমদের স্থাপনা ধ্বংসে পরিচালিত ‘বুলডোজার অভিযান’ এর প্রতি পরোক্ষভাবে উৎসাহিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকগণ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/6bskc6e9


