
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চালিয়ে ৩০০ জনের বেশি কাশ্মিরী যুবককে আটক করেছে দখলদার ভারতীয় বাহিনী। বুধবার (১১ নভেম্বর) কুলগাম জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি পোস্টে হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়। উক্ত ঘটনার সূত্র ধরে কুলগামসহ বিভিন্ন জেলায় ব্যাপক তল্লাশি অভিযান আরম্ভ করেছে দখলদার ভারত।
শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত টানা চতুর্থ দিনের মতো তল্লাশি অভিযান চলছে। ভুক্তভোগী যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে নিরপরাধ কাশ্মীরিদের আটক করতে ভারতীয় কর্তৃপক্ষ প্রায়ই এ ধরনের অজুহাত ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।
শহর, গ্রাম ও বনাঞ্চলে ধরপাকড় অভিযান ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কুলগাম, আওয়ান্তিপোরা, পাম্পোরসহ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান। বিভিন্ন তল্লাশিচৌকিতে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
কাশ্মীর উপত্যকার অন্যান্য এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শ্রীনগরসহ বিভিন্ন জেলায় ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্যরা বিপুল সংখ্যায় মোতায়েন রয়েছে। যানবাহন, যাত্রী ও পথচারীদের নিয়মিত তল্লাশি করা হচ্ছে। শ্রীনগর-জম্মু মহাসড়কসহ প্রধান সড়কগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুই স্পেশাল পুলিশ অফিসারের (এসপিও) মরদেহ উদ্ধারের পর দাচ্ছান-মারওয়াহ বনাঞ্চলে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কিশতওয়ার জেলার ঘন জঙ্গলে যৌথ অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও ভিলেজ ডিফেন্স গার্ডসের (ভিডিজি) সদস্যরা।
মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মীর ভূখন্ডে বিভিন্ন অজুহাতে পরিচালিত এসব অভিযানের ফলস্বরূপ সাধারণ কাশ্মিরী মুসলমানদের ব্যাপক ভোগান্তি মোকাবেলা করতে হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mvaars5p


