
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে এক ফিলিস্তিনি নারী শহীদ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় দখলদারদের এসব হামলায় বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তা ক্রমাগত হুমকির মুখে পড়ছে।
ফিলিস্তিনি সরকারি টেলিভিশনের বরাতে জানা যায়, পশ্চিম তীরের জেরিকো শহরের পশ্চিমে আল-দুয়ুক আল-তাহতা গ্রামে ১৭ নভেম্বর, মঙ্গলবার ভোরে সন্ত্রাসী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ঘিরে গুলি চালায়। এতে ৬০ বছর বয়সী ওই নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। বর্বর এ হামলায় আহত হন আরও ১০ জন বেসামরিক ফিলিস্তিনি। আহতদের মধ্যে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। এদিকে, গত ১৫ নভেম্বর দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি শহীদ হন এবং কয়েকজন আহত হন। একই দিনে গাজা সিটিতে আগের এক হামলায় আহত এক ফিলিস্তিনির মৃত্যুর খবরও পাওয়া গেছে।
পরদিন ১৬ নভেম্বর খান ইউনিসের উত্তরে ইসরায়েলি বিমান হামলায় আরও তিন ফিলিস্তিনি আহত হন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। এ ছাড়া গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে বিস্ফোরক নিক্ষেপের ঘটনাও অব্যাহত রয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদার ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযান এবং সন্ত্রাসী বসতি স্থাপনকারীদের সহিংসতায় ফিলিস্তিনিদের জীবন ও নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়েছে। গাজা থেকে পশ্চিম তীর পর্যন্ত ফিলিস্তিনিদের ওপর এই হামলা অব্যাহত থাকায় অঞ্চলটির মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে।
তথ্যসূত্র :
1. Israeli occupiers kill Palestinian woman, wound 10 others in West Bank attack
– https://tinyurl.com/2p8yycrt
2. 3 Palestinians killed in Israeli attacks across Gaza: Medical sources
– https://tinyurl.com/25kexdkm


