গাজাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় দুই শিশুসহ ৪ ফিলিস্তিনি শহীদ

0
3

অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দুই শিশুসহ অন্তত ৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই নারী এবং শিশু। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলায় বেসামরিক জনগণের প্রাণহানি ও মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।

স্থানীয় সূত্রের বরাতে আনাদুলু জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে ২০ বছর বয়সী আবদুল্লাহ নাসের আল-বালাউয়ি এবং ৮ বছর বয়সী রাতেল মাহমুদ আবদুল্লাহ শহীদ হন। এ হামলায় আরও পাঁচজন আহত হন, যাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বাস্তুচ্যুত পরিবারগুলো তাঁবুর ভেতরে ঘুমিয়ে ছিল।

এদিকে মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ফ্ল্যাটে বর্বর ইসরায়েলি হামলায় শিশু জায়েদ মোহাম্মদ নোফাল শহীদ হয় এবং আরও চারজন আহত হন।

গাজা সিটির কেন্দ্রস্থলে একটি সাইকেল আরোহীকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি শহীদ এবং আরও ১০ জন আহত হন। একই শহরের আল-জালা সড়কের আবদুল আল মোড়ে বেসামরিক মানুষের ওপর আরেকটি ড্রোন হামলায় চারজন আহত হন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে গাজা সিটির আল-নাসর এলাকায় সালাহউদ্দিন স্কুলের কাছে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালালে ১৩ জন ফিলিস্তিনি গুরুতর আহত হন। আহতদের অধিকাংশই শিশু। হামলার পর ভবনটিতে আগুন ধরে গেলে স্থানীয় বাসিন্দা ও সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় দখলদার ইসরায়েলি হামলার ধারাবাহিকতা থামেনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে বর্বর ইসরায়েলি হামলায় ১,২০৯ জন ফিলিস্তিনি শহীদ এবং ৩,৯৪৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৪ হাজারেরও বেশি আহত হয়েছেন। অব্যাহত হামলায় গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় লাখো মানুষ এখনো চরম মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন।


তথ্যসূত্র
1. Israeli strikes kill 4 Palestinians, including 2 children, in Gaza despite ongoing ceasefire
– https://tinyurl.com/76dpvpb9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রাজুয়েশন শেষ করলেন ১১৯ জন সেনা সদস্য
পরবর্তী নিবন্ধগাজায় গণহত্যা চালাতে ইসরায়েলে ২৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত