আফগান নারীদের নাম নিষিদ্ধের অভিযোগ: তথ্য-প্রমাণে মিলছে না দাবির সত্যতা

0
1

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে ঘিরে পশ্চিমা সংবাদমাধ্যমে নতুন করে নেতিবাচক প্রচারণা শুরু হয়েছে। এবার বালখ প্রদেশে নারী রোগীদের প্রেসক্রিপশনে প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ লেখার নির্দেশ দেওয়ার অভিযোগ সামনে আনা হয়েছে। পাশাপাশি নারীদের ‘গরু’ ও ‘ছাগল’ বলে সম্বোধনের অভিযোগও ছড়ানো হচ্ছে।

গত ১২ নভেম্বর ৪জন নির্বাসিত আফগান নারীবাদীর পরিচালিত সংবাদমাধ্যম Zan Times এবং ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে বালখ প্রদেশের হাসপাতাল ও ক্লিনিকে নারীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ ব্যবহারের নির্দেশ দেয়ার অভিযোগ তোলে ইমারাতে ইসলামিয়া প্রশাসনের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ বিভিন্ন নথিতেও এ নির্দেশ অনুসরণের কথা বলা হয়েছে। পরবর্তী সময়ে স্পেনের El País ২৩ নভেম্বর এ বিষয়ে পৃথক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে জার্মানিতে বসবাসরত আফগান নারীবাদী লালেহ ওসমানির বক্তব্য উদ্ধৃত করে নারীদের ‘গরু’ ও ‘ছাগল’ বলেও সম্বোধনের অভিযোগ তুলে ধরা হয়। পরে Daily Mail, Economic Times, CBS News ও Metro-এর মত পশ্চিমা সংবাদমাধ্যমেও প্রোপাগান্ডাটি গুরুত্বের সাথে প্রকাশ করা হয়।

তবে কোন সংবাদমাধ্যমই এ দাবির পক্ষে ইমারাতে ইসলামিয়া প্রশাসনের স্বাক্ষরিত কোনো সরকারি আদেশপত্র প্রমাণ হিসেবে উপস্থাপন করেনি। স্থানীয় চিকিৎসকদের বরাতে বলা হয়েছে, তারাও এ ধরনের কোনো নির্দেশ পাননি।

এখানে উল্লেখ্য, আফগান সমাজে ‘বিবি’ একটি প্রচলিত সম্মানসূচক সম্বোধন। বিবি মরিয়ম ও বিবি ফাতেমার মতো ব্যবহার এর পরিচিত উদাহরণ। অথচ শব্দটির সাংস্কৃতিক প্রেক্ষাপট উপেক্ষা করে পশ্চিমা মিডিয়ায় একে ‘বৃদ্ধা’ বা ‘দাদি’ অর্থে উপস্থাপন করা হয়েছে।

অন্যদিকে, নারীদের ‘গরু’ ও ‘ছাগল’ বলার অভিযোগটি জার্মানিতে অবস্থানরত ইমারাতে ইসলামিয়া বিরোধী কথিত নারী অধিকারকর্মী লালাহ ওসমানির বক্তব্যকে ভিত্তি ধরে প্রচারণা চালানো হচ্ছে। এর পক্ষেও ইমারাতে ইসলামিয়ার কোনো সরকারি নির্দেশনা বা স্বাধীন প্রমাণ এই সংবাদমাধ্যমগুলো দেখাতে পারেনি। অথচ দুটি অভিযোগকে একই সরকারি নির্দেশনার অংশ হিসেবে প্রতারণামূলকভাবে প্রচার করা হয়েছে।

লালেহ ওসমানির বক্তব্য নিয়ে বিতর্ক

নারীবাদী লালেহ ওসমানি তার বক্তব্য নিয়ে বিতর্ক শুরুর পর ২৮ নভেম্বর নিজের এক্স একাউন্ট থেকে এক পোস্টে স্পষ্ট করে জানায়, সে তালেবান সরকার নারীদের নাম নিষিদ্ধ করে আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে—এমন দাবি করেনি।

লালেহ ওসমানির স্পষ্টীকরণ অনুযায়ী, “আমি কখনো বলিনি যে তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে নারীদের নাম নিষিদ্ধ করেছে কিংবা সরকারি কর্মকর্তাদের ‘গরু’ বা ‘ছাগল’ বলতে নির্দেশ দিয়েছে। আমি সামাজিক ও সাংস্কৃতিক চর্চার কথা বলছিলাম।”

সে আরও অভিযোগ করে, তার নামে বক্তব্য প্রকাশকারী অনেক সংবাদমাধ্যমের সঙ্গে তার কোনো সাক্ষাৎকারই হয়নি।

আফগান প্রশাসনের বক্তব্য ও মাঠপর্যায়ের অনুসন্ধান

আফগান সাংবাদিক আলি এম. লতিফি বালখের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র হাজি আত্তাউল্লাহ জাইদ হাফিযাহুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। জাইদ হাফিযাহুল্লাহ নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার কোনো সরকারি নির্দেশ জারির কথা নাকোচ করে অভিযোগটিকে “সম্পূর্ণ প্রোপাগান্ডা” বলে অভিহিত করেন।

লতিফির বরাতে আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ও অভিযোগটিকে “ভুল ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে বিবিসি পশতুর সাংবাদিক হাফিজুল্লাহ মারুফ বালখসহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অনুসন্ধান চালান। তিনি চিকিৎসক, রোগী ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

মারুফের বক্তব্য, “গত কয়েক দিনে আমি বালখসহ বিভিন্ন প্রদেশের অর্ধডজনেরও বেশি চিকিৎসক, রোগী ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাঁদের কারও কাছ থেকেই নারীদের নাম প্রেসক্রিপশন বা অন্যান্য নথিতে লেখা নিষিদ্ধ করার নির্দেশের বিষয়টি নিশ্চিত হতে পারিনি।”

‘বিবি’ সম্বোধন নিয়ে সাংস্কৃতিক প্রেক্ষাপট

উল্লেখ্য যে, আফগান সমাজে ‘বিবি’ ও ‘জান’ নারীদের প্রতি সম্মান ও স্নেহ প্রকাশে ব্যবহৃত প্রচলিত সম্বোধন। মুসলিম বিশ্বের বিভিন্ন সমাজেও নারীদের সম্বোধনে ‘হাজ্জাহ’, ‘উখতি’, ‘সাইয়্যিদা’, ‘খানম’ ও ‘হানিম’-এর মতো শব্দ ব্যবহৃত হয়। এসব সম্বোধন নারীদের প্রতি অসম্মানের প্রকাশ নয়; বরং সামাজিক ও সাংস্কৃতিক রীতির অংশ।

Zan Times কারা, তাদের উদ্দেশ্য কী?

Zan Times ২০২২ সালের আগস্টে ৪জন নির্বাসিত আফগান নারীবাদী সাংবাদিক কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি তথাকথিত অনুসন্ধানী সংবাদমাধ্যম। এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক কানাডায় নির্বাসিত নিউইয়র্ক টাইমসের সাবেক সাংবাদিক জাহরা নাদের। সংবাদমাধ্যমটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আফগানিস্তানে নারীদের অধিকার, LGBTQ+ (নিকৃষ্ট সমকামী) জনগোষ্ঠী এবং তালেবান শাসনামলে (পশ্চিমা মানদণ্ড অনুযায়ী কথিত) মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এক্ষেত্রে তারা আফগানিস্তানের ভেতরে ও নির্বাসনে থাকা নাম পরিচয়হীন কিছু ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখকদের সহায়তায় এসকল রিপোর্ট করে থাকে বলে তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

Zan Times-এর নিজস্ব প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি Internews, Reporters Without Borders (RSF), International Center for Journalists (ICFJ) এবং International Women’s Media Foundation (IWMF)-এর মতো পশ্চিমা সংস্থার কাছ থেকে অনুদান ও সহায়তা পেয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian-কে তাদের মিডিয়া পার্টনার হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশি সংবাদমাধ্যমে পশ্চিমা মিডিয়ার অন্ধ অনুকরণ

আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রোপাগান্ডাটি বাংলাদেশে সর্বপ্রথম ২৮ নভেম্বর দৈনিক সমকাল প্রকাশ করে। তারপর কালের কণ্ঠ, বাংলা ভিশন, চ্যানেল ওয়ান, ইন্ডিপেন্ডেন্ট টিভি, এনটিভি, যুগান্তর, বিডিনিউজ২৪, সমকাল, ইত্তেফাক, মানবজমিন, ফেইস দ্যা পিপল ও যমুনা টিভি’র মত প্রথমসারির সংবাদমাধ্যমগুলো একে একে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করতে থাকে। এসব প্রতিবেদনের শিরোনামে কোথাও সরাসরি নারীদের নাম নিষিদ্ধের কথা বলা হয়েছে, আবার কোথাও সরকারি নথিতে নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ ব্যবহারের বা ‘গরু’ ও ‘ছাগল’ বলে সম্বোধনের নির্দেশের কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনগুলোর তথ্যসূত্রে প্রধানত স্পেনের এল পাইস, ফক্স নিউজ, জান টাইমস ও দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য উঠে এসেছে।

তবে এসব প্রতিবেদনে লালাহ ওসমানির পরবর্তী ব্যাখ্যা—যেখানে সে নারীদের ‘ছাগল’ বা ‘গরু’ বলে সম্বোধনের বিষয়টিকে সরকারি নির্দেশ নয়, বরং কিছু এলাকার সামাজিক-সাংস্কৃতিক চর্চা হিসেবে ব্যাখ্যা করেছে—তা উল্লেখ করা হয়নি। একইভাবে বালখের স্থানীয় কর্তৃপক্ষের অস্বীকৃতি এবং বিবিসি পশতু’র সাংবাদিক হাফিজুল্লাহ মারুফের অনুসন্ধানী বক্তব্যও আলোচিত হয়নি।

ফলে প্রোপাগান্ডাটির পশ্চিমা বিবরণ বাংলাদেশি সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পেলেও, পরবর্তী সময়ে আফগান সূত্র থেকে প্রকাশিত সংশ্লিষ্ট ব্যাখ্যা, অস্বীকৃতি ও অনুসন্ধানী তথ্যগুলো প্রতিবেদনগুলোতে স্থান পায়নি। এতে পাঠকের সামনে বিষয়টির একপাক্ষিক চিত্র উপস্থাপিত হয়েছে। যার ভিত্তিতে মানুষের মাঝে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া প্রশাসনের ব্যাপারে ব্যাপক নেতিবাচক ধারনার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দৃশ্যমান হয়েছে।


তথ্যসূত্র
– https://tinyurl.com/4v656ywu
– https://tinyurl.com/y7hcywry
– https://tinyurl.com/fkxzyfvk
– https://tinyurl.com/4rjz7dpa
– https://tinyurl.com/bdcx8h2u
– https://tinyurl.com/ys37mfx3
– https://tinyurl.com/yr63nthu
– https://tinyurl.com/4exfrjdd
– https://tinyurl.com/462yt6v3
– https://tinyurl.com/53c7bhtp
– https://tinyurl.com/4rkpyret
– https://tinyurl.com/37dhnnv4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, নিহত ১