পদ্মা সেতু এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, নিহত ১

0
1

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি স্থানীয় যুবলীগের কর্মী বলে জানা গেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার একাধিক ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সকালে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসে। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিল। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়াও গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যায়।

এরপর নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে।

ভিডিও লিংক- https://archive.org/details/awami-league-bnp-in-padma-bridge-area


তথ্যসূত্র:
১। পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, আগুন ও ভাঙচুর
– https://tinyurl.com/27hvnhap

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজবাড়ীর পাংশা উপজেলায় দুই ইউনিয়ন পরিষদে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধআফগান নারীদের নাম নিষিদ্ধের অভিযোগ: তথ্য-প্রমাণে মিলছে না দাবির সত্যতা