
হেরাত প্রদেশে টাপি গ্যাস প্রকল্পের আওতায় গ্যাস বিতরণ নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট পাইপলাইন নির্মাণের প্রস্তুতি এগিয়ে নিতে কারিগরি ও পেশাগত মূল্যায়ন সম্পন্ন করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি ও তুর্কমেনিস্তানের একটি কারিগরি প্রতিনিধিদল। হেরাত শহর থেকে শিল্পনগরী, আবাসিক এলাকা, সরকারি কার্যালয় ও বাণিজ্যিক অঞ্চল পর্যন্ত গ্যাস সরবরাহের নেটওয়ার্ক গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে এ মূল্যায়নে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় কোম্পানিগুলোর মহাপরিচালকের কার্যালয় জানিয়েছে, মূল্যায়নের সময় টাপি (TAPI) গ্যাস বিতরণ নেটওয়ার্ক নির্মাণের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে হেরাত শহর, শিল্পনগরী, আবাসিক এলাকা, সরকারি কার্যালয় ও বাণিজ্যিক অঞ্চলকে নেটওয়ার্কের আওতায় আনার বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া গ্যাস সরবরাহের পাইপলাইন কোন পথে নির্মাণ করা হবে, নেটওয়ার্কের কারিগরি মান কী হবে, ভবিষ্যতে এর পরিধি কীভাবে বাড়ানো যাবে এবং সংশ্লিষ্ট অন্যান্য কারিগরি বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এসব বিষয় পর্যালোচনার মাধ্যমে হেরাতে টাপি গ্যাস বিতরণব্যবস্থার জন্য প্রয়োজনীয় কারিগরি কাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আফগান গ্যাস কোম্পানির কর্মকর্তারা বলেন, হেরাতে টাপি (TAPI) গ্যাস বিতরণ নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলে প্রদেশটির শিল্প বিকাশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আবাসিক গ্রাহক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর জ্বালানি চাহিদা পূরণেও এ নেটওয়ার্ক কার্যকর অবদান রাখবে।
তথ্যসূত্র
– TAPI Gas Distribution Network Route and Design Evaluated in Herat
– https://tinyurl.com/nd244nw2


