
খুলনায় ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে দুজনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (১৪ জুন) ভোরে মহানগরীর দৌলতপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের বিএল কলেজ রোডস্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নগরীর খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড উত্তর কাশিপুর এলাকার (ফরহাদ সাহেবের বাড়ির পাশে) মৃত জব্বারের ছেলে লোকমান হাকিম (৫৫) এবং একই এলাকার যমুনা রোডের মৃত আব্দুল খালেকের ছেলে আলম শেখ (৫৬)।
স্থানীয়দের বরাতে দৈনিক আমার দেশ জানায়, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কেন্দ্রের জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। সাড়ে ৫টার দিকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে। তারা লোকমান হাকিমকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোড়ে। গুলি মাথায় বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় লোকমানের পাশে দাঁড়িয়ে নামাজরত আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলি চালিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গুলির শব্দ ও মুসল্লিদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গুলিবিদ্ধ দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লোকমান হাকিমকে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়। আলম মন্ডল খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (সিটিএসবি) মো. আব্দুর রাজ্জাক জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। মসজিদের ভেতর নামাজরত অবস্থায় এমন হামলায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র:
১। খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত
– https://tinyurl.com/3t49xsfh


