
ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুলের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে “নিলেহ বাগ” আবাসন প্রকল্প নতুন আশার সঞ্চার করেছে। চীনের সহযোগিতায় বাস্তবায়নাধীন এই প্রকল্পটি নাগরিকদের জীবনমান উন্নয়নের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইমারাতে ইসলামিয়ার নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটির নির্মাণকাজ ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। নির্মান শেষে প্রকল্পটি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে এবং পর্যায়ক্রমে আবাসিক ইউনিটসমূহ বণ্টন শুরু হবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র কামাল আফগান হাফিযাহুল্লাহ বলেন, নিলেহ বাগ প্রকল্পটি চীনের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে এবং এতে মোট ১০ হাজার আবাসিক ইউনিট রয়েছে। অবশিষ্ট ইউনিটসমূহ কাবুল শহরের অন্যান্য স্থানে নির্মাণ করা হবে। অবশিষ্ট ব্লকের জন্য ইতিমধ্যে উপযুক্ত স্থান চিহ্নিত করা হয়েছে।
প্রকল্পটি ১০৬ জেরিব(প্রায় ৫২ একর) জমির ওপর নির্মাণ করা হচ্ছে, যেখানে ৫৬টি আবাসিক ব্লকে ১,৪০০টি অ্যাপার্টমেন্ট নির্মান করা হবে। বর্তমানে এই প্রকল্পে প্রায় ৪০০ জন আফগান শ্রমিক এবং প্রায় ১০০ জন চীনা প্রকৌশলী ও কর্মী কাজ করছেন।
মন্ত্রণালয়ের প্রকৌশলী খুশাল হাফিযাহুল্লাহ জানান, এই প্রকল্পে গড়ে প্রায় ৫ হাজার মানুষের আবাসনের ব্যবস্থা হবে। তিনি বলেন, প্রকল্পটি শুধু আবাসনের সুযোগই সৃষ্টি করছে না, বরং কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষক সাইয়্যেদ মাসউদ বলেন, এই প্রকল্পটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে এবং যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এটি আবাসন উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, নিলেহ বাগ আবাসন প্রকল্পটি ২০২৪ সালের ২১ মার্চ এ একটি চীনা কোম্পানির সহায়তায় ৭১ মিলিয়ন ডলার বিনিয়োগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
তথ্যসূত্র
1. Kabul’s Nileh Bagh Housing Project Reaches 60% Completion
– https://tinyurl.com/yc8dsrnd


