
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ এপ্রিল) রাতে বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় বন্দর এলাকার আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং করে রাখা ভারতীয় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকটি থেকে পাথরের ভেতরে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ২০টি বস্তা উদ্ধার করা হয়।
পরে এসব বস্তার ভেতর থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মোট ৫ হাজার ৯৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদক সিরাপ জব্দ করা হয়। এর মধ্যে ৩ হাজার ৮৯৭ বোতল স্কাপ ডিক্স এবং ২ হাজার ৩৮ বোতল ফায়ার ডিল সিরাপ রয়েছে।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক পরিবহনের অভিযোগে পাথরবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।
তথ্যসূত্র:
১। পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
– https://tinyurl.com/75yu7f46


