
নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে অপহৃত এক কন্যা শিশুকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী শান্ত মোল্লা ((২০) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রুপগঞ্জের শিশু মাইশা অপহরণের খবরটি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল। পথে শিশুটির কান্নাকাটি ও যুবকের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবক অসংলগ্ন কথাবার্তা বলায় লোকজনের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
পরে তাকে ফুলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অধিকতর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক শিশুটিকে অপহরণের বিষয়টি স্বীকার করে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ এপ্রিল)।
এদিকে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজনসহ ইতোমধ্য রূপগঞ্জ থানা পুলিশের একটি দল সোমবার সকালে ফুলছড়ি থানায় আসেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা সাংবাদিকদের জানায়, সোমবার সকাল সাড়ে ১০টায় শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সাথে পরিবারের লোকজন আছেন।
উল্লেখ, অপহরণকারী শান্ত মোল্লা রূপগঞ্জের কলোনী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র। অপহরণের শিকার শিশু মাইসা রূপগঞ্জ এলাকার মাংস বিক্রেতা শ্যামল মিয়ার কন্যা।
তথ্যসূত্র:
১। রুপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার, আটক যুবক
– https://tinyurl.com/v36bk76d


