
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে সাহাবুল প্রামাণিক (৪২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে পদ্মা থেকে গুলিবিদ্ধ দুই জনের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত সাহাবুল প্রামাণিক ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনূস প্রামাণিকের ছেলে।
গত মঙ্গলবার (১৬ জুন) সকালে পদ্মা নদীর রাইটার চর এলাকায় একটি মাছ ধরার নৌকার ভেতরে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ২টা থেকে আড়াইটার মধ্যে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে করে চরাঞ্চলে এসে নদীর তীরে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি মাছ ধরার নৌকায় অবস্থান করছিলেন সাহাবুল ও রবিউল ইসলাম। গুলিতে সাহাবুল গুরুতর আহত হন। তার ডান কাঁধের ওপরের অংশে গুলি লাগে এবং শরীরের সামনের অংশে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। একই ঘটনায় রবিউল ইসলাম আহত হন। প্রাণ বাঁচাতে তিনি নদীতে ঝাঁপ দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকা থেকে সাহাবুলের লাশ উদ্ধার করেছে।
উল্লেখ্য এর আগেও পদ্মার চরে একটি স্পিডবোটের ভেতর থেকে আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
তথ্যসূত্র:
১। পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
– https://tinyurl.com/mr46rfv8


