
আফগানিস্তানের খনিজ রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এক লাখ ডলার মূল্যের উচ্চমানের কালো খনিজ পাথরের চালান রপ্তানি করেছে দেশটি। হেরাত প্রদেশ প্রশাসন এই রপ্তানিকে আন্তর্জাতিক বাজারে আফগানিস্তানের খনিজসম্পদের অবস্থান শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছে।
হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী হাফিযাহুল্লাহ জানান, চালানটিতে হেরাত প্রদেশের জিন্দাজান জেলা থেকে উত্তোলিত উচ্চমানের কালো খনিজ পাথর রয়েছে। পাথরগুলো আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড অনুযায়ী উত্তোলন, প্রক্রিয়াজাত ও প্যাকেজিং সম্পন্ন করার পর সাদাফ সার্দ কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করেছে।
তিনি বলেন, এই রপ্তানি শুধু আফগানিস্তানের খনিজসম্পদের সম্ভাবনাকেই তুলে ধরেনি, বরং ভবিষ্যতে বিশ্বের বড় বড় বাজারে অন্যান্য খনিজ পণ্য রপ্তানির পথও সুগম করবে। একই সঙ্গে এটি উচ্চমানের পাথর উৎপাদনকারী দেশ হিসেবে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আফগানিস্তানের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে এই চালান রপ্তানি আন্তর্জাতিক বাজারে আফগান খনিজ পণ্যের প্রতি ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
হেরাত প্রদেশ অলংকার ও নির্মাণকাজে ব্যবহৃত পাথরের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, এখানকার কালো পাথর উচ্চমান, টেকসই গুণাগুণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার যথেষ্ট সক্ষমতা রাখে।
তথ্যসূত্র
1. First Shipment of Herat Black Stone Worth $100,000 Exported to the United States
– https://tinyurl.com/wfj7vnnu


