
দখলদার ইসরায়েল কর্তৃক গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে চালানো টানা প্রায় তিন বছরের অন্যায় আগ্রাসনের মনস্তাত্ত্বিক বিপর্যয় দিন দিন স্পষ্ট হয়ে উঠছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরে। দীর্ঘমেয়াদি যুদ্ধ, অবিরাম মোতায়েন এবং মানসিক চাপের কারণে চলতি বছর ইসরায়েলি সেনাদের আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে আরও দুই নারী সেনা আত্মহত্যা করেছে। এর ফলে ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত কর্মরত অন্তত ১৬ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের একজন মিসর সীমান্তে মোতায়েন বারদেলাস ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিল। দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যার পর তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। অন্য নারী সেনা তেল আবিবের নিকটবর্তী গ্লিলট সামরিক ঘাঁটির গোয়েন্দা ইউনিটে কর্মরত ছিল। সে ঘাঁটির ভেতর আত্মহত্যা করে।
হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্লিলট ঘাঁটির ওই সেনা মানসিক চাপে ভুগছিল এবং দায়িত্ব কমানো বা আগাম অব্যাহতির আবেদন করেছিল। তবে তার আবেদন প্রত্যাখ্যান করা হয়।
হারেৎজ আরও জানিয়েছে, কর্মরত সেনাদের বাইরে যুদ্ধ থেকে ফেরত আসা অন্তত আরও ৯ জন সাবেক সেনাও আত্মহত্যা করেছে। এছাড়া ২০২৫ সালে কর্মরত সেনাদের মধ্যে ২২টি আত্মহত্যার ঘটনা ঘটে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর শুরু হওয়া যুদ্ধ ইসরায়েলি সেনাদের ওপর ব্যাপক মানসিক চাপ সৃষ্টি করেছে। গাজা যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া ও ইরানকে ঘিরে একাধিক ফ্রন্টে সামরিক অভিযান পরিচালনা করতে গিয়ে নিয়মিত ও রিজার্ভ—উভয় বাহিনীর সদস্যদের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করতে হচ্ছে। এর ফলে ক্লান্তি, যুদ্ধজনিত মানসিক আঘাত এবং মানসিক অবসাদের ঘটনা বাড়ছে।
পর্যবেক্ষকদের মতে, ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনা শুধু একটি সামরিক সংকট নয়, বরং দীর্ঘস্থায়ী অন্যায্য যুদ্ধের কারণে দেশটির সামরিক কাঠামোর ওপর বাড়তে থাকা চাপ এবং মনস্তাত্ত্বিক বিপর্যয়েরও ইঙ্গিত বহন করে।
তথ্যসূত্র
1.Two Female Israeli Soldiers Die by Suicide as IDF Mental Health Crisis Deepens
– https://tinyurl.com/mrxy4rxx


