
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। রানওয়ে থেকে ছিটকে বিমানটি বেশ কিছু যানবাহনকে চাপা দিলে অন্তত পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার পর বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, গত ৬ সেপ্টেম্বর, রবিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে আসা বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি মিয়ামি বিমানবন্দরে অবতরণ করছিল। তবে অবতরণের পর বিমানটি নির্ধারিত রানওয়ের মধ্যে থামতে না পেরে সীমানা ছাড়িয়ে বাইরে চলে যায়। বিমানবন্দরের বাইরে থাকা একাধিক যানবাহনের ওপর বিমানটি আছড়ে পড়লে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়।
মিয়ামি-ডেড কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, এ র্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছে। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের আঘাত অত্যন্ত গুরুতর। মিয়ামি-ডেড ফায়ার রেসকিউয়ের প্রধান রে জাদাল্লাহ জানিয়েছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে সড়কের ওপর থাকা কয়েকটি মোটরযানে ধাক্কা দিলে ভেতরে থাকা মানুষজন আটকা পড়ে। এছাড়া বিমানের ককপিটে পাইলট ও কো-পাইলটও আটকা পড়েছিল।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ৩২ বছরের পুরনো। প্রায় দুই দশক যাত্রীবাহী বিমান হিসেবে চলার পর ২০১৫ সালে এটিকে কার্গো বিমানে রূপান্তর করা হয়েছিল।
দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তদন্ত শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে মিয়ামি বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এর ফলে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে হাজার হাজার যাত্রী।
তথ্যসূত্র
1. At least five killed after Amazon cargo plane crash in Miami airport
– https://tinyurl.com/43byarj6


