
আফগানিস্তানে গত এক বছরে ৬০টি মৌলিক স্বাস্থ্য প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করে সেগুলো চালু করেছে ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এসব প্রকল্পের মধ্যে জেলা পর্যায়ের হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা অন্তর্ভুক্ত রয়েছে।
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, সম্পন্ন হওয়া ৬০টি প্রকল্পের মধ্যে রয়েছে ২৪টি জেলা হাসপাতাল, ১৫টি স্বাস্থ্যকেন্দ্র, জরুরি চিকিৎসাকেন্দ্র, একটি হৃদ্রোগ শল্যচিকিৎসা বিভাগ, চারটি রক্ত পরিশোধন বিভাগ এবং একটি শিশু চিকিৎসা বিভাগ।
জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ আরও জানান, গত বছর দেশজুড়ে ১০৩টি স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণের কাজও শুরু হয়েছে। এর পাশাপাশি রাজধানী কাবুলে ক্যানসার রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য ২০০ শয্যার একটি হাসপাতাল কার্যক্রম শুরু করেছে। এর ফলে ক্যানসার রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত হয়েছে।
তিনি বলেন, জনস্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে অসম্পন্ন থাকা আরও সাতটি স্বাস্থ্য প্রকল্পের কাজও শেষ করেছে। এসব প্রকল্প সম্পন্ন করতে ব্যয় হয়েছে ১৯০ কোটি আফগানি।
তথ্যসূত্র
1. Ministry of Public Health completed and commissioned 60 basic health projects
– https://tinyurl.com/f9ab2wbp


