কাবুলে ৫০ কোটি ডলারে ৬০০ শয্যার ক্যানসার ও প্রসূতি হাসপাতাল ও মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের উদ্যোগ

0
0

আফগানিস্তানের চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষার সুযোগ সম্প্রসারণে রাজধানী কাবুলে ৫০ কোটি মার্কিন ডলার ব্যয়ে একটি বৃহৎ চিকিৎসা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে আজিজি গ্রুপ। ‘বিবি ফেরেশতা আজিজি মেডিকেল কমপ্লেক্স’ নামের এই প্রকল্পে ৪০০ শয্যার ক্যানসার চিকিৎসা হাসপাতাল, ২০০ শয্যার প্রসূতি হাসপাতাল এবং একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তা মিরওয়াইস আজিজি জানিয়েছেন, হাসপাতাল দুটিতে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

আজিজি গ্রুপের চেয়ারম্যান মিরওয়াইস আজিজির উদ্যোগে কাবুলের অষ্টম জেলার রহমানে মিনা এলাকায় তার ব্যক্তিগত জমিতে এই চিকিৎসা কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রকল্পটির জন্য ৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

৪ নভেম্বর কাবুলে এক অনুষ্ঠানে মিরওয়াইস আজিজি জানান, প্রকল্পটির প্রশাসনিক ও প্রাথমিক প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে এবং নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরদিন রেডিও আজাদি জানায়, প্রকল্পটির বাস্তব নির্মাণকাজ শুরুর ঘোষণাও দেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় নির্মিত ক্যানসার হাসপাতালে রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য ৪০০টি শয্যা থাকবে। পাশাপাশি ২০০ শয্যার একটি প্রসূতি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। আজিজির ঘোষণা অনুযায়ী, এই দুই হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু থাকবে এবং রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি কোনো বাণিজ্যিক হাসপাতাল হিসেবে পরিচালিত হবে না; বরং জনকল্যাণমূলক চিকিৎসাসেবা প্রদানই হবে এর মূল উদ্দেশ্য।

চিকিৎসা কমপ্লেক্সের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে আফগান চিকিৎসক ও শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাবিদ্যা, বিশেষায়িত প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে বিদেশ থেকে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের কথাও জানিয়েছেন মিরওয়াইস আজিজি।

এ ছাড়া বিভিন্ন বিশেষায়িত বিভাগের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকেরা প্রতি সপ্তাহে এক দিন আফগানিস্তানে এসে রোগীদের চিকিৎসায় অংশ নেবেন বলে আজিজি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের যাতায়াতের জন্য গ্রুপটির নিজস্ব বিশেষ উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পটির মাধ্যমে শুধু চিকিৎসাসেবা প্রদান নয়, বরং আফগানিস্তানে দক্ষ চিকিৎসক তৈরি এবং উন্নত চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করার পর আফগান চিকিৎসকদের একটি অংশ এই হাসপাতালেই এবং অন্যরা নিজস্ব চিকিৎসাকেন্দ্রে সেবা দিতে পারবেন বলে উদ্যোক্তার পক্ষ থেকে জানানো হয়েছে।

আফগানিস্তানে বিশেষায়িত ক্যানসার চিকিৎসাকেন্দ্রের সীমাবদ্ধতার কারণে অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়। এ অবস্থায় ৪০০ শয্যার বিশেষায়িত ক্যানসার হাসপাতাল এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ দেশটির চিকিৎসাব্যবস্থায় নতুন সক্ষমতা তৈরির সুযোগ সৃষ্টি করবে। প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ এবং বিশেষায়িত চিকিৎসার সুযোগ দেশের ভেতরেই সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :

1. گروپ عزیزی کار ساخت شفاخانه‌های سرطان و نسایی و ولادی را در کابل آغاز کر
– https://tinyurl.com/4syfv7pa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের নুরিস্তান প্রদেশে চলতি সৌরবর্ষের প্রথম ছয় মাসেই ১২৭ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারাতে ইসলামিয়া