
ভারতের বিভিন্ন স্থানে হিন্দুদের দীপাবলির উৎসবকে ঘিরে ব্যাপক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আগুন, আতশবাজি বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান ও ওডিশায় এসব দুর্ঘটনা ঘটেছে।
মধ্যপ্রদেশের সিওনি, উজ্জয়িনী ও কাটনি জেলায় পৃথক অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। সিওনি জেলার ছাপারা শহরে একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। এতে একই পরিবারের ৬ সদস্য মারা যায়। নিহতদের মধ্যে কয়েকজন বয়স্ক ব্যক্তি ও ১৬ বছর বয়সী এক বালকও রয়েছে।
কাটনি জেলার বারহি শহরেও অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়েছে। দীপাবলির রাতে একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে আগুন ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন শিশু রয়েছে, এর মধ্যে এক শিশুর বয়স মাত্র ২ মাস।
মহারাষ্ট্রেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ধারাশিব জেলায় একটি মুদি দোকানের ওপরের তলায় থাকা বাড়িতে আগুন লাগে। এতে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে একই পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়।
মুম্বাইয়ের মালাড পশ্চিমের মালভানি এলাকায় আতশবাজির একটি দোকানে বিস্ফোরণ ঘটে। এতে শানওয়াজ নিয়াজ খান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ ছাড়া লোকহান্ডওয়ালা এলাকায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দিল্লির নরেলা এলাকায় আতশবাজি ফোটানোর সময় ১০ বছর বয়সী শিশুর মৃত্যু হয়। এদিকে, দীপাবলির অনাকাঙ্ক্ষিত ঘটনায় দিল্লি ফায়ার সার্ভিসের কাছে শত শত জরুরি ফোন এসেছে বলে জানা গেছে।
এদিকে, ৯ নভেম্বর উত্তরপ্রদেশে ৬টি বড় সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। মুজাফফরনগরে জাগাহেদি গ্রামের কাছে একটি গাড়ির সঙ্গে অন্য যানবাহনের সংঘর্ষ হয়। এতে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা হরিয়ানার ৬ তরুণ আগুনে পুড়ে মারা যায়। এছাড়া চিত্রকূটে একটি ট্রাক্টর-ট্রলির দুর্ঘটনা ঘটে। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতেও একটি বাস দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
রাজস্থানের ফালনা শহরে আতশবাজির একটি দোকানে আগুন লাগে। এতে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩ জন। ওড়িশার কটক শহরের দরগাহ বাজার এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। এতে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, আতশবাজির কারণে বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছে। হায়দরাবাদে চোখে আঘাত নিয়ে অন্তত ৩২ জন চিকিৎসা নিয়েছে। আহতদের বেশির ভাগই শিশু। মুম্বাইয়েও আতশবাজির কারণে দগ্ধ হওয়ার কয়েক ডজন ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5n8rswkd


