
ভারতে ২০২৬ সালের প্রথম নয় মাসে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ৩২২টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৫৪ জন। নিহতদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে। ভারতের ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসব ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটসের (এপিসিআর) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের ঘটনা তুলে ধরা হয়েছে। বিদ্বেষমূলক অপরাধের ৯৫ শতাংশই মুসলমানদের লক্ষ্য করে ঘটানো হয়েছে।
মোট ৩২২টি ঘটনার মধ্যে ৩০৭টি মুসলমানদের বিরুদ্ধে, ১৪টি খ্রিস্টানদের বিরুদ্ধে এবং একটি ঘটনা উভয় সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৪৮৮ জন মুসলমান ও ৯০ জন খ্রিস্টান ভুক্তভোগী হয়েছেন। তাদের মধ্যে ৪৮ শিশু, ২৬ নারী ও ৯ জন প্রবীণ নাগরিক রয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ, অনেক ঘটনার ক্ষেত্রে ভুক্তভোগী মানুষের সঠিক সংখ্যা জানা যায়নি।
হিসাব অনুযায়ী, ভারতে প্রতি সপ্তাহে গড়ে প্রায় আটটি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে কেবল প্রকাশিত ও নথিভুক্ত ঘটনার হিসাব দেওয়া হয়েছে। একই সাথে প্রকাশ্যে না আসা ঘটনাও অনেক থাকতে পারে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/43hs9n64


