
আফগানিস্তানের নিজস্ব গ্যাস ও কয়লাসম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আজিজি গ্রুপ নামক দেশীয় একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়ার সরকার। জাওজান ও বাঘলান প্রদেশে বাস্তবায়নাধীন দুটি প্রকল্প থেকে প্রায় ২ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এখানে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
৪ নভেম্বর, বুধবার রাজধানী কাবুলে সরকারি তথ্য ও গণমাধ্যম কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। চুক্তিতে স্বাক্ষর করেন খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী মোল্লা হেদায়াতুল্লাহ বাদরি হাফিযাহুল্লাহ, রাষ্ট্রীয় কোম্পানিগুলোর মহাপরিচালক মাওলভী আহমদ জান বিলাল হাফিযাহুল্লাহ এবং আজিজি গ্রুপের প্রধান নির্বাহী মিরওয়াইস আজিজি।
চুক্তি অনুযায়ী, জওজান প্রদেশের জঙ্গল-ই কালান গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এতে প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে। অন্যদিকে, বাঘলান প্রদেশের পুল-ই-খুমরি কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলন করে প্রায় এক হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। এ প্রকল্পে আরও দুই থেকে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। উভয় প্রকল্পের মেয়াদ ৩০ বছর।
কর্মকর্তারা জানান, এসব প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো দেশের নিজস্ব জ্বালানি সম্পদের ব্যবহার বাড়ানো, বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরতা কমানো এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা। বর্তমানে আফগানিস্তানের বিদ্যুতের চাহিদার প্রায় ৮০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়। ফলে প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তা দেশের শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।
আজিজি গ্রুপের প্রধান নির্বাহী মিরওয়াইস আজিজি বলেন, আফগানিস্তানের জ্বালানি ও অর্থনৈতিক খাতের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখতে তাঁর প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ।
প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, জ্বালানি স্বনির্ভরতা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র :
1. Agreements were signed between the Ministry of Mines and Petroleum and Aziz Group
– https://tinyurl.com/29fjd6yf


