
রাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (০৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগানো হয়। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন সাংবাদিকদের জানায়, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পাই আমরা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পিছনের দিকে সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে যায়।
একই রাতে এটি ছিল বাসে আগুন দেওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে রাত ১০টার দিকে মিরপুর ১২ নম্বর পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের আরেকটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে।
পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, মোটরসাইকেলে করে এসে বাসের ভেতরে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে। কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকটি আসন পুড়ে গেছে। যারা আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তারা পালিয়ে গেছে।
একই রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকাও মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা ও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
তথ্যসূত্র:
১। মধ্যরাতে রাজধানীর মহাখালীতে বাসে আগুন
– https://tinyurl.com/ee6sdvzm


