
রাজশাহীর চারঘাটে রেলওয়ে স্টেশনে এক ব্যক্তিকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চারঘাট মডেল থানায় মামলা করেছেন।
ভুক্তভোগীর বরাতে দৈনিক মানবজমিন জানায়, নাটোর সদর উপজেলার হাশেমপুর গ্রামের ওই দম্পতি ট্রেনে পপকর্ন বিক্রি করেন, প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্ন বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে তারা সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে ফেলে রাখে। এরপর ওই ব্যক্তির পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে জোরপূর্বক স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণ করে হামলাকারী। ভুক্তভোগীর স্বামী জানান, এ সময় তিনি চিৎকার করলেও তাদের বাঁচাতে কেউ এগিয়ে আসেনি, প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন।
স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম বলে জানতে পারেন, সে চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।
সরদহ স্টেশন মাস্টার ইকবাল কবির জানায়- রাতে যখন স্টেশনের পাশে ঘটনাটি ঘটে তখন স্টেশনে মাত্র তিনজন স্টাফ দায়িত্বে ছিল। তারা বিষয়টি টের পায়নি। ৯৯৯ ফোন করলে পুলিশ এসে ভুক্তভোগীর বিষয়টি তদন্ত করছে। চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক জানায়- এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
তথ্যসূত্র:
১। রাজশাহীতে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ
– https://tinyurl.com/mrcf9u2w


