
পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মৌলভী ফজলুর রহমান খলিল। সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা হ্রাসের উদ্দেশ্যে এই সফরকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিন সদস্যের এই প্রতিনিধিদলে রয়েছেন মৌলভী ফজলুর রহমান খলিল, মৌলভী আব্দুল্লাহ শাহ মাযহার এবং মৌলভী সাজ্জাদ উসমান। কাবুলে অবস্থানকালে তারা ইমারাতে ইসলামিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। আলোচনার মূল লক্ষ্য হচ্ছে ইমারাতে ইসলামিয়া এবং পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠির মধ্যে বিদ্যমান উত্তেজনা ও মতপার্থক্য কমানোর উপায় খুঁজে বের করা।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে সীমান্ত অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পাকিস্তানের নাজুক অর্থনীতির ওপরও পড়েছে। ফলে যুদ্ধমুখী অবস্থানের পরিবর্তে আলোচনা ও কূটনৈতিক পথের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার দিকে পাকিস্তানের মনোযোগ বাড়ছে।
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাবুলে এই প্রতিনিধিদলের আগমন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য কমে আসবে এবং উক্ত অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ সুগম হবে- এমন আশা ই প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল।
তথ্যসূত্র
1.Pakistani delegation arrives in Kabul for talks
- https://tinyurl.com/mu7kmtbk


