
দেশে ফিরে আসা শরণার্থী পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। এরই অংশ হিসেবে নানগারহার প্রদেশে ফিরে আসা শরণার্থী পরিবারগুলোর মাঝে ১,২৩৭টি আবাসিক প্লট বিতরণ করা হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নানগারহার প্রদেশের বেহসুদ জেলায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ্য পরিবারগুলোর কাছে এসব প্লট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী নাজিবুল্লাহ হায়াত হাক্কানি হাফিযাহুল্লাহ। তিনি বলেন, প্রত্যাবাসিত নাগরিকদের জন্য আবাসন এবং প্রয়োজনীয় মৌলিক সেবা নিশ্চিত করতে ইমারাতে ইসলামিয়া নিরলসভাবে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে নতুনভাবে জীবন শুরু করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, এসব এলাকায় পর্যায়ক্রমে পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকেন্দ্রসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। মন্ত্রণালয়ের মতে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শরণার্থী পরিবারগুলোর বিভিন্ন সমস্যার সমাধান সহজ হবে এবং একইসঙ্গে স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব পড়বে।
তথ্যসূত্র
1.Residential Plots Distributed to Returned Migrants in Nangarhar
– https://tinyurl.com/bddye88c


