প্রশাসনকে না জানিয়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে ভারতীয় কূটনীতিকের আকস্মিক সফর

0
2

কোনো পূর্বঘোষিত কর্মসূচি নেই, স্থানীয় প্রশাসনও জানে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও ছিল না কোনো আগাম তথ্য। এমন পরিস্থিতির মধ্যেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির ও সতীপীঠ পরিদর্শন করেছে চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার। একজন বিদেশি কূটনীতিকের এ আকস্মিক সফর ঘিরে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে নানা আলোচনা।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বল্পসংখ্যক সহযোগী নিয়ে ভারতীয় এ কূটনীতিক চন্দ্রনাথ মন্দিরে যায়। এ সময় সে ৫১ সতীপীঠের মা ভবানী মন্দিরে প্রার্থনায় অংশ নেয়। পরে পাহাড়চূড়ায় অবস্থিত শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ম্ভুনাথ মন্দির, শ্রী শ্রী ভৈরব মন্দির, ব্যাসকুণ্ডসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরের সময় সে মন্দিরগুলোর বর্তমান অবস্থা, সংরক্ষণ কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং তীর্থযাত্রীদের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেয়।

তবে এ সফরের বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো পূর্ব তথ্য না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সফরের উদ্দেশ সম্পর্কেও ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম সাংবাদিকদের জানায়, ভারতীয় সহকারী হাইকমিশনারের সীতাকুণ্ড সফরের বিষয়ে আমার কাছে কোনো পূর্ব তথ্য ছিল না। এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে হয়ত পুলিশ জানতে পারে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন সংবাদ মাধ্যমকে জানায়, ভারতীয় সহকারী হাইকমিশনার সীতাকুণ্ডে এসেছিলেন, এ বিষয়ে সীতাকুণ্ড থানা পুলিশ কিছুই জানে না। এমনকি ডিএসবির কাছেও এ সংক্রান্ত কোনো তথ্য নেই।

চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র নারায়ণ দাস নাটু সাংবাদিকদের জানায়, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্রনাথ ধাম পরিদর্শনে এসেছিলেন। এর বাইরে বিস্তারিত কোনো তথ্য আমার কাছে নেই।

সীতাকুণ্ড জগন্নাথ মন্দিরের সভাপতি মনোজ কুমার নাথ সাংবাদিকদের জানায়, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌরসভা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, কেউই এ বিষয়ে কিছু জানে না।


তথ্যসূত্র:
১। চন্দ্রনাথ ধামে ভারতীয় কূটনীতিকের আকস্মিক সফর, জানে না প্রশাসন
– https://tinyurl.com/yt4v796x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি আগ্রাসনে ৩ বছরে এতিম হয়েছে ৬০ হাজারের বেশি শিশু