
আফগান শরণার্থীদের বহিষ্কার ও হয়রানির পর এবার পাকিস্তানে চাপের মুখে পড়েছেন দেশটিতে অধ্যয়নরত আফগান মেডিকেল শিক্ষার্থীরা। দেশটিতে অধ্যয়নরত আফগান মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নির্দেশনার ভিত্তিতে চলতি শিক্ষাবর্ষে আফগান নাগরিকদের ভর্তি, স্থানান্তর, প্রতিষ্ঠান পরিবর্তনসহ অন্যান্য শিক্ষাসুবিধা স্থগিত করেছে লাহোর মেডিকেল বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে পাকিস্তানে আগে থেকে ভর্তি থাকা আফগান শিক্ষার্থীদের আফগানিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লাহোর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে বলা হয়েছে, পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী চলতি শিক্ষাবর্ষে আফগান নাগরিকদের জন্য মেডিকেল ও ডেন্টাল শিক্ষায় ভর্তি, স্থানান্তর, প্রতিষ্ঠান পরিবর্তন এবং অন্যান্য শিক্ষাসুবিধা স্থগিত থাকবে।
চিঠিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাক্রমে আগে থেকে ভর্তি থাকা আফগান শিক্ষার্থীদের প্রচলিত নীতিমালার নির্দেশনা অনুযায়ী আফগানিস্তান ফিরে যেতে হবে।
আফগান শিক্ষার্থীদের নিয়ে পাকিস্তানের এই নতুন সিদ্ধান্তকে দেশটির পক্ষ থেকে চাপ সৃষ্টির ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে আফগান শরণার্থীদের জোরপূর্বক বহিষ্কার, তাদের ওপর নির্যাতন এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে। আফগান শিক্ষার্থীরাও পাকিস্তানে বিভিন্ন ধরনের হয়রানি ও নিপীড়নের মুখে পড়েছেন। এসব পদক্ষেপের ধারাবাহিকতায় এবার পাকিস্তানে অধ্যয়নরত আফগান মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্থগিত এবং তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।
এ ছাড়া গৃহীত পদক্ষেপের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের এই সিদ্ধান্তে দেশটিতে মেডিকেল ও ডেন্টাল চিকিৎসাশিক্ষায় অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে ইমারাতে ইসলামিয়াকে বিভিন্নভাবে চাপের মধ্যে রাখার যে ধারাবাহিকতা পাকিস্তানের বিভিন্ন পদক্ষেপে প্রতিফলিত হয়েছে, আফগান মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া সর্বশেষ এই সিদ্ধান্তও সেই চাপ সৃষ্টি নীতিরই আরেকটি দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে।
তথ্যসূত্র
1. Pakistan suspended Afghan students admissions
– https://tinyurl.com/mvvcvjhw


