নোয়াখালীতে দোকানে ঢুকে মুখোশধারীদের গুলি, ব্যবসায়ী গুরুতর আহত

0
2

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশ পরা দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। দুর্বৃত্তরা তার ব্যবসাপ্রতিষ্ঠান মিজান স্টোরে ঢুকে তাকে গুলি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটে এ ঘটনা ঘটে। আহত মিজান ওই ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে।

স্থানীয়রা গুরুতর আহত মিজানকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাতে মিজান নিজের মুদি দোকানে বসে বেচাকেনা করছিলেন। এ সময় সশস্ত্র মুখোশধারী ২০ থেকে ২৫ জনের একটি দল দোকানে ঢুকে কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের বাঁ পাশে, বাঁ হাত ও বাঁ পায়ের উরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় জামায়াতের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। নোয়াখালীতে দোকানে ঢুকে মুখোশধারীদের গুলি, ব্যবসায়ী আহত
– https://tinyurl.com/4uf6yten

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহবিগঞ্জে চাকরি দেয়ার কথা বলে তরুণীকে চা-বাগানে নিয়ে গণধর্ষণ
পরবর্তী নিবন্ধভোলায় শিশু-কিশোর প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে শেখ মুজিবের নামযুক্ত পুরোনো-ছেঁড়া বই উপহার দিলো ইসলামিক ফাউন্ডেশন