
রাজধানী ঢাকায় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে এ পর্যন্ত রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর ও যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, বুয়েটের আহসানউল্লাহ হলে, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগের দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি বাসেও আগুন দেওয়া হয়।
শুধু ঢাকা নয়, গত ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ৩১টি ককটেল বিস্ফোরণ ও ১৪টি গণপরিবহনে অগ্নিসংযোগের খবর নিশ্চিত করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা। অন্যদিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অপরদিকে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় চেকপোস্টে ককটেল মারার সময় চারজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পরে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকা, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীর সড়কে এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনার মধ্যে সিএমএম আদালত এলাকা ও তুরাগে আওমীলীগের পাঁচজনকে আটক করেছে পুলিশ। এছাড়া তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ করার সময় একজনকে ধাওয়া করে আটক করেন শিক্ষার্থীরা।
এর আগে রাত ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক থেকে বনানী কবরস্থান গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া রাত সাড়ে ৮টার দিকে গুলশান-১ থেকে মহাখালীর দিকে যাওয়ার সড়কে চেকপোস্টের আগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ প্লাজার সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল করিম।
এদিকে সোমবার রাত ১১টা ৪২ মিনিটের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ছড়িয়ে পড়ে।
বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আদিলুল ইসলাম আকিব গণমাধ্যমকে জানান, আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশেই ককটেলটি বিস্ফোরিত হয়। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া তার বিছানায় গিয়ে পড়ে। তবে ঘটনার সময় তিনি বন্ধুর ১৩৪ নম্বর কক্ষে অবস্থান করায় রক্ষা পান।
তিনি আরও জানান, ঘটনাস্থলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে। এ সময় বুয়েট প্রশাসনের লোকজনও সেখানে উপস্থিত ছিল বলে জানান তিনি।
একদিকে খুনি হাসিনার দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন, অন্যদিকে দেশজুড়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা। এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জনমনে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অথচ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। ফলে এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তথ্যসূত্র:
১। রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন
– https://tinyurl.com/yf3jkv5c


