
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি ফাঁকা বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে ট্রেনের কর্মী ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। এরপর সব যাত্রী নেমে যাওয়ার পর ট্রেনের গার্ড ও কর্মীরা নাশতা করতে বাইরে যায়। সে সময় ট্রেনটিতে কেউ ছিলেন না। ফাঁকা থাকার সুযোগে স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন দেয় আওয়ামী লীগের দুর্বৃত্তরা।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই বগির ৫, ৬, ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিনের কভার ক্ষতিগ্রস্ত হয়।
তথ্যসূত্র:
১। নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন
– https://tinyurl.com/5xvb4rcy


