
চাঁদপুরের মতলব দক্ষিণে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে তার মেয়ে ও ছেলেসহ মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) এশার নামাজের পর মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার নুরুল ইসলামের সুপারিবাগানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানায়, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মেয়েকে একই এলাকার হোসেন কাজীর ছেলে শাহীন কাজী দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এবং প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে মেয়ের বাবা এ বিষয়ে অভিযুক্তের পরিবারের কাছে জানতে চায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বাবা, মেয়ে ও ছোট ছেলের ওপর হামলা চালায়। হামলায় তিনজনই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা মাকসুদা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শাহীন কাজীকে আটক করা হয়।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তথ্যসূত্র:
১। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, যুবক আটক
– https://tinyurl.com/4re7vc7m


